ফ্রান্সে বসছে কান উৎসব, রেড কার্পেটে থাকছেন যেসব বলিউড তারকা

এফএনএস বিনোদন | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০১:৩৬ পিএম
ফ্রান্সে বসছে কান উৎসব, রেড কার্পেটে থাকছেন যেসব বলিউড তারকা

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে। ফ্রান্সে ২৩ মে পর্যন্ত চলবে এই আয়োজন। প্রতি বছরের মতো এবারও বলিউডসহ ভারতের বিভিন্ন আঞ্চলিক চলচ্চিত্র অঙ্গনের তারকারা অংশ নিতে যাচ্ছেন উৎসবে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আলিয়া ভাটকে ঘিরে।

গত কয়েক বছর ধরেই কান উৎসবে নিয়মিত মুখ ঐশ্বরিয়া। আর ২০২৫ সালে প্রথমবার অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন আলিয়া ভাট। ফলে এবারের আসরে তাদের রেড কার্পেট উপস্থিতি, পোশাক ও ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

নিজের অংশগ্রহণ নিয়ে আলিয়া বলেন, “দ্বিতীয়বার কান উৎসবে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। গত বছরের অভিজ্ঞতা ছিল অসাধারণ। এবার আরও বড় পরিসরে উদযাপনের অপেক্ষায় আছি। নারীদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরতে মুখিয়ে রয়েছি।”

গত বছর কান উৎসবে ঐশ্বরিয়া রাইয়ের পোশাকের পাশাপাশি তার সিঁথির সিঁদুরও ব্যাপক আলোচনায় আসে। অনেকেই এটিকে ভারতীয় সংস্কৃতির একটি প্রতীকী উপস্থাপন হিসেবে দেখেছিলেন। একইভাবে অভিনেত্রী অদিতি রাও হায়দারিও সিঁদুর পরে রেড কার্পেটে হাজির হয়ে নজর কাড়েন। এবারও তাকে উৎসবে দেখা যেতে পারে বলে জানা গেছে।

এবারের কান উৎসবে প্রথমবার রেড কার্পেটে হাঁটবেন অভিনেত্রী তারা সুতারিয়া। এছাড়া উপস্থিত থাকবেন মৌনী রায় ও জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে গতবার আলোচনায় থাকা জাহ্নবী কাপুর এবারের আয়োজনে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি।

অভিনেত্রীদের পাশাপাশি কান উৎসবে অংশ নিচ্ছেন নির্মাতা করণ জোহরও। সম্প্রতি তাকে মেট গালায় দেখা যাওয়ার পর এবার কানেও তার উপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়ার সদ্য নিয়োগ পাওয়া পরিচালক আশুতোষ গোয়ারিকরও থাকছেন এই আয়োজনে।

এবারের কান উৎসবে ভারতের আঞ্চলিক চলচ্চিত্রের প্রতিনিধিত্বও থাকছে চোখে পড়ার মতো। প্রথমবারের মতো পাঞ্জাবি সিনেমা ‘চারদিকলা’র স্ক্রিনিংয়ে অংশ নেবেন অভিনেতা অ্যামি ভির্ক ও অভিনেত্রী রুপি গিল। পাশাপাশি মারাঠি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অশোক শরাফ, গুজরাটি চলচ্চিত্রের প্রতিনিধি মানসী পারেখ এবং মালয়ালম চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরাও উপস্থিত থাকবেন।

এদিকে মালয়ালম ছবি ‘আম্মা আরিয়ান’-এর পুনরুদ্ধার করা সংস্করণ এবারের কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে বলেও জানা গেছে। ফলে এবারের আয়োজনে ভারতীয় সিনেমার বৈচিত্র্য ও বিস্তৃতি আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে