দেবাশীষের সিনেমায় প্রথমবার জুটি সজল ও মিষ্টি জান্নাত

এফএনএস বিনোদন | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৩:৩৩ পিএম
দেবাশীষের সিনেমায় প্রথমবার জুটি সজল ও মিষ্টি জান্নাত

তিন বছর ধরে আটকে থাকা ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার কাজ শেষ না হতেই নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। ‘দুজনে’ নামের নতুন এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন আবদুন নূর সজল ও মিষ্টি জান্নাত। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সিনেমাটির চুক্তি সম্পন্ন হয়েছে।

হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথার প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা জানিয়েছেন, এটি মূলত একটি রোমান্টিক জার্নির গল্প। ভিন্ন দুই বাস্তবতায় থাকা দুই মানুষের একসঙ্গে পথচলা, সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা ও আবেগ উঠে আসবে এতে।

সিনেমার গল্প প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, “দুজন মানুষ বিপদে পড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। একজন পরিবার থেকে, অন্যজন পুলিশের থেকে পালিয়ে বেড়ায়। একপর্যায়ে দেখা হয় তাদের। সেখান থেকে দুজনে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশে। সেই জার্নির মধ্যে তাদের সম্পর্কের নানা দিক উঠে আসবে।”

তিনি আরও বলেন, “এটি রোমান্টিক গল্প হলেও এখানে কমেডিও থাকবে, যেমনটা আমার প্রতি সিনেমায় দেখা যায়।”

নির্মাতা জানান, বর্তমানে চলছে প্রি প্রোডাকশনের শেষ পর্যায়ের কাজ। কোরবানির ঈদের আগে ইমরান মাহমুদুলের গাওয়া একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে শুরু হবে সিনেমার শুটিং। ঈদ উৎসবে গানের টিজার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রচারণা শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর টানা শুটিংয়ে শেষ হবে দৃশ্যধারণ।

অভিনেত্রী মিষ্টি জান্নাত জানান, অনেকদিন ধরেই সিনেমাটি নিয়ে নির্মাতার সঙ্গে আলোচনা চলছিল। তবে বিভিন্ন শো এবং লন্ডনে অবস্থানের কারণে কাজটি শুরু করতে দেরি হয়েছে।

তিনি বলেন, “দেবাশীষ দাদা গুণী একজন নির্মাতা। তার কথা মতো এ সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা রাখছি, খুব তাড়াতাড়ি এ কাজটি শেষ করে দর্শকদের দেখাতে পারব।”

মিষ্টি আরও বলেন, অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করতে হয় তাকে। সেই ব্যস্ততার মধ্যেই সিনেমার কাজ করছেন তিনি।

এদিকে নতুন সিনেমার পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার কাজ নিয়েও কথা বলেছেন দেবাশীষ বিশ্বাস। জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের জটিলতার কারণেই সিনেমাটির কাজ থেমে ছিল। আগের প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গীতি চিত্রকথার অধীনে নিয়ে এসেছেন তিনি। চলতি বছরেই বাকি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছর ‘দুজনে’ এবং ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন এই নির্মাতা।

আপনার জেলার সংবাদ পড়তে