ডোপ টেস্টে অনুপস্থিত জয়সওয়াল ও শেফালি, নোটিশ পাঠাল নাডা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০১:৫২ পিএম
ডোপ টেস্টে অনুপস্থিত জয়সওয়াল ও শেফালি, নোটিশ পাঠাল নাডা

ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ডোপ টেস্ট সংক্রান্ত একটি ঘটনা। নির্ধারিত সময়ে ডোপ পরীক্ষার জন্য উপস্থিত না থাকায় ভারত পুরুষ দলের ওপেনার যশস্বী জয়সওয়াল এবং নারী দলের ব্যাটার শেফালি ভার্মাকে নোটিশ পাঠিয়েছে দেশটির ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, নাডা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দুজনের বিরুদ্ধেই ‘হোয়্যারঅ্যাবাউটস ফেলিওর’ বা অবস্থান সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলে থাকা খেলোয়াড়দের নিয়মিত নিজেদের অবস্থান জানাতে হয়। পাশাপাশি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় উল্লেখ করতে হয়, যখন যেকোনো মুহূর্তে ডোপ পরীক্ষার কর্মকর্তারা সেখানে যেতে পারেন। খেলোয়াড়দের অবস্থান বদল হলে সেটিও এসএমএস, ইমেইল বা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে জানানো বাধ্যতামূলক।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ৭ নভেম্বর শেফালি ভার্মার এবং ১৭ ডিসেম্বর যশস্বী জয়সওয়ালের নির্ধারিত স্থানে যান ডোপ কন্ট্রোল কর্মকর্তারা। তবে সেখানে কাউকেই পাওয়া যায়নি। পরে ২০২৬ সালের ১৮ ও ২০ ফেব্রুয়ারি নাডা তাদের কাছে ব্যাখ্যা চাইলেও দুজনের কেউই জবাব দেননি বলে দাবি সংস্থাটির।

এরপরই প্রথম ‘মিসড ডোপ টেস্ট’ হিসেবে ঘটনাটি নথিভুক্ত করে নাডা। বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকেও জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ব্যাখ্যা চাওয়ার সময় জয়সওয়াল রঞ্জি ট্রফি খেলার পর ছুটিতে ছিলেন। অন্যদিকে শেফালি তখন অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন।

তবে আপাতত বড় কোনো শাস্তির মুখে পড়ছেন না এই দুই ক্রিকেটার। নাডার নিয়ম অনুযায়ী, ১২ মাসের মধ্যে তিনবার ‘হোয়্যারঅ্যাবাউটস ফেলিওর’ হলে সেটিকে ডোপিং আইন ভঙ্গ হিসেবে গণ্য করা হয়। সেক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞাও হতে পারে। যশস্বী ও শেফালির ক্ষেত্রে এটি প্রথম নোটিশ হওয়ায় এখনই কোনো নিষেধাজ্ঞা বা সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বর্তমানে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন যশস্বী জয়সওয়াল। টুর্নামেন্ট শেষে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলার কথা রয়েছে তার। অন্যদিকে শেফালি ভার্মা প্রস্তুতি নিচ্ছেন আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য। মাসের শেষ দিকে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত নারী দল।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অ্যান্টি ডোপিং নিয়ম এখন অত্যন্ত কঠোরভাবে অনুসরণ করা হয়। বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি, ওয়াডার নির্দেশনা মেনেই নাডা এবং বিসিসিআই ক্রিকেটারদের ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। তাই ভবিষ্যতে এমন ভুল এড়াতে খেলোয়াড়দের আরও সতর্ক থাকতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আপনার জেলার সংবাদ পড়তে