পিরোজপুরে একটি বাজারে ভয়াবহ আগুনে ১৪ টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। সদর উপজেলার শাড়িকতলা নামক বাজারে শনিবার রাত আনুমানিক ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে প্রাথমিকভাবে বলে ধারণা করছে ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলো পুড়তে থাকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে বাজারের ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদির দোকান, চায়ের দোকানসহ ১৪ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ ব্যাপারে পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইন চার্জ যুগল বিশ্বাস জানিয়েছেন, আগুনের খবর পেয়ে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গেয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি জানান, তাদের প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি নিশ্চিত করে বলতে না পারলেও ভুক্তভোগীরা বলেছে কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে।