মাসখানেক ধরেই ছিল নানা জল্পনা-কল্পনা! অবশেষে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-ভক্তদের সেই জল্পনার অবসান। এনবিসিইউ ঘোষণা দিয়েছে যে, তারা এই অ্যাকশন সিনেমার ওপর ভিত্তি করে একটি লাইভ-অ্যাকশন টিভি সিরিজ নির্মাণ করছে। ফ্র্যাঞ্চাইজির তারকা ও প্রযোজক ভিন ডিজেলের মতে, এখানেই শেষ নয়, একে একে নির্মিত হবে ৪টি সিরিজ। সোমবার এনবিসিইউর একটি প্রেজেন্টেশনের মঞ্চে এই ঘোষণা দেন অভিনেতা। তিনি বলেন, ‘‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ইউনিভার্সের ৪টি শো চালু করছে পিকক।’ সূত্রের বরাতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের প্রথম সিরিজটি নির্মাণ করছে ওটিটি প্ল্যাটফর্ম পিকক। এ ছাড়াও ইউনিভার্সাল টেলিভিশনে আরও কয়েকটি সিরিজ বিভিন্ন পর্যায়ে নির্মাণাধীন রয়েছে। লাইভ-অ্যাকশন সিরিজে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন ভিন ডিজেল। যৌথভাবে এর পাইলট পর্ব লেখার দায়িত্বে রয়েছেন মাইক ড্যানিয়েলস ও উলফ কোলম্যান। তবে নির্মাণাধীন এ সিরিজ সম্পর্কে এখনই কোনো বিস্তারিত তথ্য প্রকাশে নারাজ ইউনিভার্সাল স্টুডিও। এনবিসিইউর প্রেজেন্টেশন মঞ্চে সিরিজটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেন ডিজেল। তিনি জানান, সিরিজটির জন্য তিনি মূল সিনেমার সিকুয়েল করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এই হলিউড তারকা বলেন, ‘সবাই জানেন, আমরা এই সিনেমাগুলোকে খুবই গুরুত্ব দিই, কিন্তু গত এক দশকে আমরা বুঝতে পেরেছি যে, ভক্তরা আরও বেশি কিছু চেয়েছেন, তারা চেয়েছেন আমরা এই ঐতিহ্যবাহী চরিত্রগুলো ও তাদের গল্পকে আরও বিস্তৃত করি। আর গত এক দশক ধরে আমাদের আকাঙ্ক্ষা ছিল টিভি জগতে প্রবেশ করার।’ অন্যদিকে, নেটফ্লিক্সের জন্য নির্মিত হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের একটি অ্যানিমেটেড সিরিজ। সেখানেও নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন ভিন ডিজেল। প্রসঙ্গত, এবারের কান চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির ২৫ বছর উদযাপিত হবে, যেখানে ভিন ডিজেল ও নিল মরিৎজ উপস্থিত থাকবেন। এখন পর্যন্ত ১১টি চলচ্চিত্রের মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজি বিশ্বব্যাপী ৭ বিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে। ২০২৮ সালের ১৭ মার্চ এ সিনেমার নতুন কিস্তি ‘ফাস্ট ফরএভার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।