তোমাদের দিয়ে হবে না : শেহজাদ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৭:৫১ পিএম
তোমাদের দিয়ে হবে না : শেহজাদ

ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১০৪ রানের পরাজয়ের পর দলটির বর্তমান অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে তিনি পাকিস্তান ক্রিকেটের মান, নেতৃত্ব এবং সামগ্রিক কাঠামোকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছেন। প্রথম ম্যাচে প্রথম ইনিংসে টাইগাররা করে ৪১৩ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। পাকিস্তান গুঁটিয়ে যায় ১৬৩ রানেই। ফলে ১০৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট ম্যাচ জয়। শেহজাদের বক্তব্যে সবচেয়ে বেশি জায়গা জুড়ে ছিল বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ধারাবাহিক ব্যর্থতা। তার মতে, বাংলাদেশের কাছে সাম্প্রতিক হারের ঘটনাগুলো কোনো “ফ্লুক”ছিল না, বরং দীর্ঘদিনের দুর্বলতারই ফল। পাকিস্তান দলের উদ্দেশে করে তিনি বলেন, “হবে না, তোমাদের দিয়ে হবে না। ওই যে যারা বলত না যে তোমরা পারো না, তোমাদের দ্বারা হবে না-আমরা তখনও ভুল ছিলাম না, আজও ভুল নই। ২০২৪ সালে বাংলাদেশ তোমাদের যেভাবে টেস্ট সিরিজে হারিয়েছিল, ওটা কোনো আকস্মিক ঘটনা ছিল না।” ২০২৪ সালের টেস্ট সিরিজ ও চলতি বছরের মার্চ মাসের ওয়ানডে সিরিজেও বাংলাদেশের জয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তান সবসময়ই এসব হারকে ভাগ্যের ওপর চাপিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, “তোমরা বলেছিলে কপালজোরে হয়ে গেছে। এরপর ওয়ানডে সিরিজে তারা যে হারালো, সেটাও কোনো ফ্লুক ছিল না।” বর্তমান অধিনায়ক শান মাসুদকে নিয়েও সরাসরি সমালোচনা করেন শেহজাদ। যদিও ব্যক্তিগতভাবে তাকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন, তবে নেতৃত্বের জন্য যথেষ্ট নয় বলেই মন্তব্য করেন তিনি। “এই শান মাসুদ তোমাদের অধিনায়ক, সে ভালো ছেলে কিন্তু সে কোনো নেতা নয়,”বলেন তিনি। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের কৌশলগত দুর্বলতা এবং নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড নিয়েও প্রশ্ন তোলেন এই সাবেক ওপেনার। তার মতে, শুধু ভাষাগত দক্ষতা অধিনায়ক হওয়ার যোগ্যতা হতে পারে না। ফাস্ট বোলিং আক্রমণ নিয়েও হতাশা প্রকাশ করেন শেহজাদ। তার ভাষায়, বর্তমান পাকিস্তানি পেসারদের বোলিং দেখে মনে হচ্ছে তারা পর্যাপ্ত শক্তি ও গতির অভাব নিয়ে খেলছে। তিনি বলেন, “পাকিস্তানের ফাস্ট বোলারদের দেখে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, মনে হচ্ছিল তারা দূর থেকে দৌড়ে এসে স্পিন করছে।” এ সময় তিনি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রদির উদাহরণ টেনে বলেন, আগের যুগে বোলাররা কতটা গতিময় ও আক্রমণাত্মক ছিল। শেষে পাকিস্তান ক্রিকেটের কাঠামো, বোর্ড পরিচালনা এবং সাবেক ক্রিকেটারদের সম্পৃক্ততা নিয়েও তীব্র হতাশা প্রকাশ করেন তিনি। শেহজাদ বলেন, “শেষ পর্যন্ত এই বেতন নেওয়া, ক্রিকেট বোর্ডের সাথে সাবেক ক্রিকেটারদের যুক্ত হওয়া-এসবের কোনো লাভ নেই। তোমরা সবাই মিলে পাকিস্তান দলকে নয় নম্বর দল বানিয়ে ফেলেছ।” তার মতে, বর্তমান ধারা চলতে থাকলে পাকিস্তান ক্রিকেট আরও নিচে নেমে যেতে পারে, এমনকি র‍্যাঙ্কিংয়ের আরও নিচের স্তরেও চলে যেতে পারে। সব মিলিয়ে, শেহজাদের মন্তব্যে পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা, নেতৃত্ব সংকট এবং পারফরম্যান্স ঘাটতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশাই স্পষ্ট হয়ে উঠেছে।