সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা গত বৃহস্পতিবার (১৪ মে) পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেছেন। তিনি একাধিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এদিন দুপুর ১টার পর রুমা তাঁর মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংসদ সদস্য রুমা এরপর ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সভা কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান,সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান,থানার অফিসার ইনচার্জসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিকেলে তিনি ভাঙ্গুড়া মহিলা কলেজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অ্যাডভোকেট রুমা চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন। সভাপতিত্ব করেন কাজী রবিউল ইসলাম। এছাড়া তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।