রসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী এটিএম আজম খানকে ঘোষণা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ১০:৩৫ পিএম
রসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী এটিএম আজম খানকে ঘোষণা

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রংপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এটিএম আজম খান-এর নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান। শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় দলীয় নেতাকর্মী, পেশাজীবী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থিতা ঘোষণার পর এটিএম আজম খান উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত তুলে শুভেচ্ছা জানান এবং সবার সহযোগিতা কামনা করেন। এ সময় মিলনায়তনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এর আগে এটিএম আজম খান রংপুর-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে ব্যাপক জনসমর্থন অর্জন করেছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যজোট গঠিত হলে ওই আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন-কে জোটের প্রার্থী করা হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে এটিএম আজম খানের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছিল।

পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে এটিএম আজম খান-এর নাম ঘোষণা করা হয়। সমাবেশে উপস্থিত সাধারণ অংশগ্রহণকারীদের অনেকেই এটিএম আজম খানকে “জনসম্পৃক্ত ও মাঠঘনিষ্ঠ নেতা”হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি রংপুর নগরীর বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ফলে তার প্রার্থিতা ঘোষণায় সাধারণ সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে