ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ছয়জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (১৫ মে) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। পরে কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এরপরই দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংসদ। বিষয়টি দ্রুত কার্যকর করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুস্তাক, সহ সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, এবং সদস্য রইন তালুকদার, সাজ্জাদ হোসেন ও মমিন উজ্জামান।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে স্থানীয় পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দলের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখছি। সংগঠনের শুদ্ধতা ও শৃঙ্খলা বজায় রাখতে এমন পদক্ষেপ প্রয়োজন।”

আপনার জেলার সংবাদ পড়তে