ক্ষেতলালে

বাড়িতে মায়ের লাশ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থী

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) :
| আপডেট: ১৭ মে, ২০২৬, ০৪:০৫ পিএম | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৪:০৫ পিএম
বাড়িতে মায়ের লাশ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থী

জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের মধ্যেও ভবিষ্যতের স্বপ্নকে থামতে দেয়নি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এসএসসি পরীক্ষার্থী মোরশেদ প্রামানিক।  মায়ের মৃত্যুর শোক বুকে চেপে, বাড়িতে মায়ের মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সে। শনিবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে মোরশেদের মা আছমা বিবি পারুল (৪৩) উপজেলার ঘুগইল গ্রামে বাবার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই শোকের মধ্যেই রবিবার (১৭ মে) সকালে ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত সাধারণ বিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় মোরশেদ। মোরশেদ উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাঁস গ্রামের মহসিন আলী প্রামানিকের ছেলে এবং বিনাই জসীমউদ্দীন মেমোরিয়াল বিদ্যানিকেতনের ছাত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মা দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মায়ের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে যখন শোকের ছায়া নেমে আসে, তখন নিজের ভবিষ্যতের কথা ভেবে অশ্রুসজল চোখে পরীক্ষার হলে যায় মোরশেদ। সকাল ৯টায় নির্ধারিত সময়ে সে পরীক্ষায় অংশ নেয়।

ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের হল সুপার আবু তাহের আকন্দ জানান, মোরশেদের চোখেমুখে মায়ের হারানোর গভীর বেদনার ছাপ ছিল। তারপরও সে অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরীক্ষা সম্পন্ন করেছে। কেন্দ্রের পক্ষ থেকে তাকে মানসিকভাবে সহযোগিতা করা হয়েছে। মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।  স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান  বলেন, জীবনের এত বড় শোকের মধ্যেও মোরশেদের এই মানসিক দৃঢ়তা সত্যিই বিরল ও অনুকরণীয়। পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে রোববার দুপুরে জানাজা শেষে আছমা বিবি পারুলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে