বিরলে রূপালী বাংলা জুট মিলের পশ্চিম পার্শ্বে স্থলবন্দর সড়কের কালভার্টের পানি যাওয়ার উত্তরাংশে ও দক্ষিণে মাটি দিয়ে ভরাট করায় ব্রহ্মপুর, পাইকপাড়া, শিবপুর ও রবিপুর মৌজায় শতবিঘা জমির ধান ও ভুট্টা ক্ষেত নষ্টের অভিযোগ দায়েরের সপ্তাহ পেরিয়ে গেলেও কোন সুরাহা না হওয়ায় কৃষকরা নিজেরাই প্রতিবন্ধকতা উচ্ছেদে মাঠে নামার ঘোষণা দিয়েছেন। প্রতি বছর বর্ষা মৌসুমে পানির নিষ্কাশন পথ বন্ধ করে রাখায় শতবিঘা জমির ধান ও ভুট্টার ফসল ঘরে তুলতে না পারায় চরম হতাশা ব্যাক্ত করেছেন আশপাশের শতবিঘা জমির মালিকেরা।
উল্লেখ্য, গত ১১ মে বিরল উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের ব্রহ্মপুর, পাইকপাড়া, শিবপুর ও রবিপুর মৌজার ধান ও ভুট্টা চাষী কৃষকগণ উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগ দাখিল করে। দিনাজপুর-বিরল (স্থলবন্দর) সড়কের রূপালী বাংলা জুট মিল সংলগ্ন কালভার্টের দুই পার্শ্বে মাটি দ্বারা ভরাট করায় বর্ষার পানিতে প্রায় শতবিঘা জমির ধান ও ভূট্টা ক্ষেত ডুবে যাচ্ছে। কিন্তু পানি স্বাভাবিকভাবে প্রবাহিত না হওয়ায় ধান ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় অভিযোগ দায়েরের পরও কোন পদক্ষেপ গ্রহণ না করায় এলাকার কৃষকেরা সোমবার সকালে নিজেরাই প্রতিবন্ধকতা উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করেছেন। পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা দিনের পর দিন প্রতিবন্ধকতা না সরানোয় যে কোন মুহুর্তে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে বলে সচেতনমহল অভিমত ব্যাক্ত করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।