বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন

জনগণের দোরগোড়ায় পৌঁছবে সহজ স্বচ্ছ ও ডিজিটাইলাইজড ভূমিসেবা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ১৭ মে, ২০২৬, ০৮:১৩ পিএম | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৮:১৩ পিএম
জনগণের দোরগোড়ায় পৌঁছবে সহজ স্বচ্ছ ও ডিজিটাইলাইজড ভূমিসেবা

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যত’ -প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত পালিত হবে ভূমিসেবা সপ্তাহ। এ উপলক্ষে আজ রোববার সকালে (১৭ মে) রংপুর সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় প্রশাসন সংবাদ সম্মেলনের আয়োজন করে  । 

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাইলাইজড ভূমি সেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে এ বছর দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ পালিত হবে বলে জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম।

তিনি আরও বলেন, ভূমিসেবার উন্নয়নে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বসহ কাজ করছে সরকার। ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে ভূমিসেবা সপ্তাহ নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, জোনাল সেটেলমেন্ট অফিসার নাজমুল হুদা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। 

ভূমিসেবা সপ্তাহ চলাকালীন সেবাপ্রত্যাশীগণ সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাবেন। 

আগামী ১৯শে মে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে ভূমিসেবা সপ্তাহ ও মেলা উদ্বোধন করবেন। এ উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, ডিজিটাল ভূমিসেবার স্টল, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে সেবা সপ্তাহের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে