রংপুর নগরীর সাতমাথা রেলগেট এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের রান্নার আসবাবপত্র ও ব্যবহার্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির ও রংপুর সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এটিএম আজম খান।
রোববার (১৭ মে) বিকেলে সাতমাথা রেলগেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব সামগ্রী তুলে দেন। এর মধ্যে ছিল ৫টি জগ, ৫টি বালতি, একটি বড় সসপ্যান, একটি বড় পাতিল ও একটি বড় হাতা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতমাথা রেলগেট সংলগ্ন আদিবাসী সম্প্রদায়ের পরিবারগুলো দীর্ঘদিন ধরে সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে-শাদিতে প্রয়োজনীয় রান্নার সামগ্রী ও ডেকোরেটর সংকটে ভুগছিল। অনেক সময় বাইরের স্থান থেকে অতিরিক্ত খরচে সামগ্রী ভাড়া করতে হতো। এ সমস্যা সমাধানে পূর্বে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এটিএম আজম খান। তারই ধারাবাহিকতায় তিনি এসব উপহার সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে এটিএম আজম খান বলেন, “সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাতে সামাজিক অনুষ্ঠানগুলো স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্য থেকেই এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাদের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।”
এ সময় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের প্রয়োজনের কথা চিন্তা করে কেউ আগে এভাবে এগিয়ে আসেনি। এই সহযোগিতা আমাদের জন্য অনেক উপকারে আসবে।”
বিতরণ অনুষ্ঠানে জামায়াতের মহানগর, মাহিগঞ্জ থানা ও ৩০ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।