নড়াইলের কালিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামিকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কালিয়া পৌর এলাকার রামনগর গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে কমলাখী বিশ্বাস ও পারবিষ্ণুপুর গ্রামের রহিম শেখের ছেলে বিল্লাল শেখ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য খুলনা মেট্রোপলিটন এলাকার বয়রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে বয়রা এলাকা থেকে সুকৌশলে দুটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী কমলাখী বিশ্বাস ও অন্য একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মো: বিল্লাল শেখকে গ্রেফতার করে। অভিযান শেষে গ্রেফতারকৃতদের কালিয়া থানা হাজতে রাখা হয়েছে। এ বিষয়ে কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, “যে কোনো ধরনের অপরাধীকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ তথা কালিয়া থানা পুলিশ বদ্ধপরিকর। আইন-শৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণির শান্তিপ্রিয় ও দেশপ্রেমিক মানুষের সহযোগিতা কামনা করছি।” অভিযান পরিচালনার সময় কালিয়া থানার এসআই সন্তোষ বালা, এসআই কামরুল ইসলাম, এএসআই রিপন আলী, কনস্টেবল আরিফ ও আশিকুর রহমান উপস্থিত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।