গাজীপুরের কাপাসিয়ার উজুলী দিঘীরপাড় এলাকায় পিকআপ ভ্যানের চাপায় জুবায়ের ইসলাম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় কাপাসিয়া-টোক সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুবায়ের ইসলাম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। সে উজুলী দিঘীরপাড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় জুবায়ের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষুব্ধ স্থানীয়রা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও দায়ীদের শাস্তির দাবি জানান।
তারা আরো জানান, এসকল "মুরগীবাহি পিকআপগুলোর" বেপরোয়া গতির কারণে রাস্তায় চলাচল করা পথচারীসহ অন্যান্য যানবাহন সবসময় ভীতিকর পরিস্থিতিতে থাকে। এদের জন্য যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে দূর্ঘটনা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।