চাঁদপুর সদর উপজেলার বালিয়ায় ছেলের হাতে মা খুন,ঘাতক আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৭:১৯ পিএম
চাঁদপুর সদর উপজেলার বালিয়ায় ছেলের হাতে মা খুন,ঘাতক আটক

মাদকের টাকা না পেয়ে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে নিজ সন্তান মো. রাকিবের (২৪) হাতে মা জান্নাত বেগম (৪৮) নির্মমভাবে খুন হয়েছেন। অভিযুক্ত ছেলে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে মাকে হত্যা করার পর পালিয়ে যায়। রোববার (১৭ মে) দিনগত রাতে ওই ইউনিয়নের বালিয়া গ্রামের সাদেক খান বাড়িতে এই ঘটনা ঘটে। সোমবার (১৮ মে) সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করেছে। নিহত জান্নাত বেগমের স্বামীর নাম আব্বাস খান।তিনি আরেকটি বিয়ে করার সুবাদে ওই স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। গত দেড় বছর যাবত স্বামীর সাথে জান্নাত বেগমের যোগাযোগ নেই বলে জানান স্বজনরা। অপরদিকে, জান্নাত বেগম রাকিব ও রিফাত (১১) নিজের দুই ছেলেকে নিয়ে বালিয়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করে আসছে। বাড়ির লোকজন জানায়, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য প্রায় সময়ই মাকে অত্যাচার করে আসছে। ঘটনা দিন রাতে মার কাছে টাকা দাবি করে এবং টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে তার মা জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে চলে যায়। অসুস্থ মা সেখানেই পড়ে থাকে। পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকে।

এক পর্যায়ে বাড়ির লোকজন মৃত জান্নাত বেগমকে দাফন কাফনের ব্যবস্থা করছিলেন। একপর্যায়ে মরদেহ গোসল করাতে গেলে মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে লোকজন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করেন। মৃত জান্নাত বেগমের ভাই মিলন ও এলাকাবাসীর দাবি ঘটনাটি একটি নেক্কার জনক। সন্তানের হাতে মায়ের খুন তাও আবার মাদকের টাকার জন্য, এটি কোনভাবেই মেনে নেয়া যায় না। এর সঠিক তদন্ত করে দোষী মাদকাসক্ত সন্তানের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন। মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে