বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খালাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক মিন্টু শেখ মিঠু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
১৮মে সোমবার সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মধুরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু শেখ মিঠু ওই গ্রামের মো. ওহিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আত্মীয়দের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় খালাতো ভাইয়ের সঙ্গে মিন্টু শেখ মিঠুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।