ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন দিনের ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে এই ভূমি সেবা মেলা ।
আজ মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়।
‘ ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ,স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি নামজারি,খতিয়ান,পর্চা, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে।’
আমাদের লক্ষ্য হচ্ছে এ উপজেলার একটি মানুষও যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলায় স্থাপিত বুথ থেকে
তাৎক্ষণিক ভূমি সেবা পরামর্শ ও বিভিন্ন অনলাইন সেবা প্রদান করা হয়। এছাড়াও ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, ভূমি সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।