বাগেরহাটের চিতলমারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার কার্যক্রম শুরু হয়। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এসিল্যান্ড আফিসের কাননগো, ৭ ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ সেবা নিতে আসা সাধারণ মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর ফলে জনগণ দ্রুত ও ঝামেলামুক্তভাবে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও হয়রানি অনেকাংশে কমে আসবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেলায় অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পর্চা সংগ্রহ, নামজারি ও খারিজসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তিন দিনব্যাপী এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও জটিলতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সহজ, দ্রুত ও স্বচ্ছ সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।