গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৫

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৭:৩৪ পিএম
গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৫

গাইবান্ধায় পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল পৌনে ১০টার দিকে সদরের গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক মহাসড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক ফরিদ ও আব্দুর রাজ্জাক। ফরিদ মিয়া (৪৭) সুন্দরগঞ্জ শ্রীপুরের বাবু বাসারের ছেলে ও আব্দুর রাজ্জাক (৩০) সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের মাসুদুর রহমান দর্জির ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বয়লার মুরগি পরিবহনকারী একটি পিকআপ দারিয়াপুর রোডের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ইজিবাইকে চালকসহ মোট আটজন যাত্রী ছিলেন। অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী আব্দুর রাজ্জাক (৩০) মারা যান। অটোরিকশাচালক ফরিদ মিয়াকে গুরুতর অবস্থায় জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরলেও একজনকে রংপুর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। আহত দুজনের নাম-পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে