কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান নির্মূলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি।
সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিলমারী বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শান্তিপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ২,৮১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২,১৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১৫,০৬,০০০/- (পনেরো লক্ষ ছয় হাজার) টাকা।
একই ধারাবাহিকতায়, ১৯ মে বিকেলে প্রাগপুর বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৪৮/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করতে হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,৯০,৭৭৫/- (দুই লক্ষ নব্বই হাজার সাতশত পঁচাত্তর) টাকা।
পরবর্তীতে একই দিন ধর্মদাহ বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৪৭/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিজিটি মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩,১৮,০০০/- (তিন লক্ষ আঠারো হাজার) টাকা।
উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য ও অবৈধ মালামালের সর্বমোট সিজার মূল্য প্রায় ২১,১৪,৭৭৫/- (একুশ লক্ষ চৌদ্দ হাজার সাতশত পঁচাত্তর) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানান,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।