বিরলের জেলের লাশ ভারত থেকে ২০ তম দিনে ফেরৎ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ২০ মে, ২০২৬, ০২:৪৮ পিএম | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০২:৪৮ পিএম
বিরলের জেলের লাশ ভারত থেকে ২০ তম দিনে ফেরৎ

বিরলের পূর্ণভবা নদীতে জীবন্ত জেলে মাছ শিকারে গিয়ে নিখোঁজের পর লাশের সন্ধান মিলে একই নদীতে পার্শ্ববর্তী দেশ ভারতীয় অংশে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০ তম দিনেও মরদেহ আসায় পরিবারসহ স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে। সরকারি পদক্ষেপ ও প্রশাসনের আন্তরিকতায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মৃতর বড় ছেলে হায়দার আলীসহ পরিবারটি।

গত ৩০ এপ্রিল ২০২৬ ‎বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় নদীর মাছ সংগ্রহের উদ্দেশ্যে পূর্ণভবা নদীতে জাল নিয়ে গিয়ে আর ফেরৎ আসেনি ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মনসুর আলী এর ছেলে মোঃ ইসমাইল হক (৬৫)। পরে পরিবারের লোকজনসহ স্থানীয় জনগণ অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোন সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডুবুরী এসে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। এরপর ০৩ মে ২০২৬ রোববার দুপুরে ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া নদীর ঘাটে অজ্ঞাত পরিচয় এক লাশ উদ্ধার হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির সাথে মিল দেখে সন্ধান মিলে। সন্ধান পাওয়ার পর হতে বাংলাদেশ থেকে যোগাযোগের মাধ্যমে প্রতিদিন লাশ ফেরৎ পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছিল পরিবারটি।

এরপর কলকাতায় বাংলাদেশ দূতাবাস হতে কাগজপত্রসহ আনুষঙ্গিক কার্যক্রম সোমবার সম্পন্ন করে মঙ্গলবার বালুরঘাটে কাগজপত্র পৌঁছানো হলে পরদিন বুধবার হাকিমপুর হিলি চেকপোস্ট সীমান্তে মরদেহ এনে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। হাকিমপুর হিলি থেকে মরদেহবাহী এ্যাম্বুলেন্স রওনা হওয়ায় বুধবার বিকাল ৫ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্নের অপেক্ষায় এখন পরিবারটি।

আপনার জেলার সংবাদ পড়তে