বাংলাদেশের কথাসাহিত্যিক ও প্লানচেটধর্মী লেখালেখির জন্য পরিচিত লেখক কাপ্তান নূর অর্জন করেছেন মর্যাদাপূর্ণ কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ ২০২৬ । এ বছর প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে তিনিই একমাত্র বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন।
আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, কাপ্তান নূরের গল্পে দক্ষিণ এশিয়ার সামাজিক বাস্তবতা, অতিপ্রাকৃত অভিজ্ঞতা এবং মানুষের অন্তর্গত ভয় ও স্মৃতির এক অভিনব মিশ্রণ উঠে এসেছে। বিচারকেরা তাঁর লেখার ভাষা, বর্ণনাশৈলী ও মনস্তাত্ত্বিক গভীরতার প্রশংসা করেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কাপ্তান নূর বলেন, “বাংলা ভাষায় প্লানচেট ও অতিপ্রাকৃত সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে পেরে আমি আনন্দিত। এই স্বীকৃতি বাংলাদেশের পাঠক ও তরুণ লেখকদের জন্য উৎসাহ হয়ে থাকবে।”
কবি সংসদ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী এই অর্জনকে বাংলাদেশের সমকালীন সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও লেখককে অভিনন্দন জানিয়েছেন পাঠক ও শুভানুধ্যায়ীরা।
উল্লেখ্য, কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ বিশ্বের বিভিন্ন কমনওয়েলথভুক্ত দেশের উদীয়মান ও প্রতিষ্ঠিত লেখকদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার হিসেবে বিবেচিত।