কালীগঞ্জ শহর গ্রামাঞ্চল ছেয়ে গেছে ব্যানার ফেষ্টুনে

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৫:০৪ পিএম
কালীগঞ্জ শহর গ্রামাঞ্চল ছেয়ে গেছে ব্যানার ফেষ্টুনে

এখনো স্থানীয় সরকারের অধিন উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনের দিনক্ষন ঘোষনা হয়নি। কিন্তু ঝিনাইদহ কালীগঞ্জে আগাম নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা। ইতিমধ্যে দলটির উপজেলা ও পৌরসভাসহ ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে তাদের প্রার্থীদের নাম চুড়ান্ত ঘোষনা করেছে। সংশ্লিষ্ট প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নির্বাচনী এলাকার মধ্যে গাছে গাছে ফেষ্টুন ও পোষ্টার সেটেছেন। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় এক বছর আগে দলটি তিন শ’ আসনে তাদের দলীয় এমপি প্রার্থীদের নাম ঘোষনা করেছিল। এতে তারা সফলতা পেয়েছেন বলে মনে করেন অনেকে। এদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এবং এনসিপি, গনঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম এখনো কোন প্রার্থীর নাম ঘোষনা করেনি। কিন্তু তারা দলীয় পদ পদবি ব্যবহার করে একাধিক ব্যাক্তি আগাম ভোটের প্রার্থীতায় পোষ্টার ব্যানার টানিয়ে দোয়া ও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।  

কালীগঞ্জ উপজেলা জামায়াতের দলীয় সুত্রের বরাতে জানায়,দলটির সকল কর্মকান্ডই কেন্দ্রিয় কর্মসুচি মোতাবেক সকল কর্মসুচি সিদ্ধান্ত ও নির্দ্দেশনা মোতাবেক পালন হয়ে থাকে। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর পরই দলটি কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে তিনটি পদে একক তিনজন প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে দলটির উপজেলা শাখার সাবেক আমির মাওঃ ওলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান(পুরুষ)উপজেলা শাখার আমির আব্দুল হক ও ভাইস (চেয়ারম্যান মহিলা) মহিলা বিভাগীয় সেক্রেটারী নাজেরা খাতুন এবং পৌরসভার মেয়র পদে জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারী লুৎফর রহমানকে দলীয় প্রার্থী ঘোষনা করেছে। অপরদিকে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়তে ১১ জনের নাম ঘোষনা করেছে দলটি।সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে মাওঃ আলিনুর রহমান, জামাল ইউনিয়নে-মোস্তাফিজুর রহমান বাবলু, কোলা ইউনিয়নে মোক্তার হোসেন,নিয়ামতপুর ইউনিয়নে মাওঃ মনিরুজ্জামান মিঠু, সিমলা-রোকনপুর ইউনিয়নে এরশাদ আলী, ত্রিলোচনপুর ইউনিয়নে শরিফুল ইসলাম, রায়গ্রাম ইউনিয়নে আশরাফ আলী,মালিয়াট ইউনিয়নে আহসান হাবিব,বারবাজার ইউনিয়নে আরশেদ আলী পাতা, কাষ্টভাঙ্গা ইউনিয়নে আব্দুস সবুর মৃধা ও রাখালগাছী ইউনিয়নে শফিকুল ইসলাম। 

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের ঘোষিত চেয়ারম্যান প্রার্থী মাওঃ ওলিয়ার রহমান বলেন, দল আমাকে প্রার্থীতার কথা জানিয়ে আগাম ভোটের প্রস্তুতি নিতে বলেছেন। এ হিসাবে তিনি ভোটের মাঠে নেমে গনসংযোগ করছেন। ইতিমধ্যে ভোটের প্রস্তুতিতে দলের থেকে পোষ্টার ও ফেষ্টুন টানানো হয়েছে। তিনিসহ দলের নেতাকর্মীরা সাধারন ভোটারদের সাথে করছেন শুভেচ্ছা বিনিময় ও দোয়া প্রার্থনা।  দলটির থেকে ভোটের আগাম প্রার্থীতার বিষয়ে জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল হক জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন গুলিতে অংশ নিতে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাংগাঠনিক সিদ্ধান্ত মোতাবেক আগাম প্রার্থী ঘোষনা দিয়েছেন। তিনি নিজেও একজন উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ পদের)প্রার্থী। দলের নির্দেশনা পেয়েই অনেকেই আগাম প্রচার প্রচারনায় নেমেছেন বলে জানান তিনি। 

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাংসদ সদস্য মাওঃ আবু তালিব বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সমাজে সুশৃংখল রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচনে এমপি প্রার্থী সিলেকশন ও সাংগাঠনিক সকল কর্মকান্ডের সিদ্ধান্ত আসে দলের কেন্দ্রিয় পরিষদ থেকে। কিন্তু, স্থানীয় সরকার পর্ষায়ের নির্বাচনে দলটির জেলা উপজেলা কমিটি প্রার্থী চুড়ান্ত করেন। এ হিসাবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষনা করেছেন দলটি। তিনি বলেন, দলের সিদ্ধান্তেই কালীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদে তাদের দলীয় প্রার্থী ঘোষনা দেওয়ায় মাঠে নেমেছেন। তবে, পৌর মেয়র পদের আপাতত সাম্ভাব্য প্রার্থীর নাম ঘোষনা দিলেও এটি পরিবর্তন হতে পারে বলে যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে