চাঁদপুর জেলায় ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ (বিএফএমএস) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। অনেক সময় দেশের সম্পদ ও মানুষের জীবন রক্ষা করতে গিয়ে তাদের প্রাণও দিতে হচ্ছে। তিনি ফায়ার সার্ভিস সদস্যদের সাহসিকতা ও মানবিক দায়িত্ববোধের প্রশংসা করেন।
তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস স্বল্প সংখ্যক জনবল নিয়ে কাজ করে যাচ্ছে। অগ্নিনির্বাপনে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
সচেতনতা বৃদ্ধি করা গেলে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সরকারি কলেজ পদার্থবিদ্যা বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক প্রমুখ। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধারকারী ও অগ্নি-নির্বাপণ সরঞ্জামাদির প্রদর্শনী পরিদর্শন করা হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি চৌকস ও দক্ষ দল দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা ও একটি আকর্ষণীয় মহড়া প্রদর্শন করেন।