ঘরের মাটিতে প্রথমবার পাকিস্তানকে ধবলধোলাই করল নাজমুল হোসেন শান্তর দল। সেই সঙ্গে পাকিস্তানকে টানা চার টেস্ট হারিয়েছে বাংলাদেশ। পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম টানা চার টেস্ট জিতেছে টাইগাররা। সিরিজ শেষে বাংলাদেশের সাফল্য নিয়ে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। প্রশংসা করেছেন পেস সেনসেশন নাহিদ রানার। এক্স হ্যান্ডলে এক পোস্টে ওয়াসিম আকরাম লিখেছেন, বাংলাদেশের কাছে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে পরাজিত হতে দেখে সত্যিই হতাশ। বিজয়ীদের পূর্ণ প্রশংসা ও কৃতিত্ব প্রাপ্য, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশের পিচগুলো আগে নিচু, ধীরগতির এবং টার্নিং ছিল, কিন্তু এখন তারা দুর্দান্ত টেস্ট পিচ তৈরি করছে। যা তাদের দ্রুত উন্নতি করতে থাকা পেস বোলারদের সাহায্য করছে। পেস আক্রমণেই পাকিস্তানকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন এই ফরম্যাটে সেরাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আর কী অসাধারণ প্রতিভা নাহিদ রানা, তার খেলা দেখাটা এক দারুণ অভিজ্ঞতা। অভিনন্দন বাংলাদেশ। প্রসঙ্গত, দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট ১০৪ রানে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল।