সীমান্তে ৩৮ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার।

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৮:০৫ পিএম
সীমান্তে ৩৮ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক  উদ্ধার।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জোরদার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে সুরক্ষিত রাখতে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে।

সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ মে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর, ঠোটারপাড়া, আশ্রায়ন, উদয়নগর, চল্লিশপাড়া এবং শেওড়াতলা বিওপির চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্তবর্তী বিভিন্ন মাঠ, ফসলি জমি ও নির্জন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৫৭ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ, ১৫ বোতল মনোগোল্ড কফ সিরাপ, ৮ বোতল ভারতীয় মদ, ৬,২৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৬,০৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১,১৭৭ প্যাকেট পাতার বিড়ি। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য প্রায় ৩৮ লাখ ৭ হাজার ৫৩৫ টাকা।

সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারির মাধ্যমে চোরাকারবারিদের তৎপরতা প্রতিনিয়ত ব্যাহত করা হচ্ছে। বিজিবির এমন ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ বাণিজ্য উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আসছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য অবৈধ সামগ্রী কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে