হামজা-সামিতদের কোচ কে হচ্ছেন এ নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছে জল্পনা-কল্পনা। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান অধ্যায় সমাপ্ত করেছে বাফুফে। এখন অন্য বিকল্প নিয়ে কাজ করছে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নানা সূত্রের খবর, সাবেক আমেরিকান ফুটবলার টমাস ঢ়ুলি হচ্ছেন হামজাদের কোচ। চুক্তি কার্যক্রম প্রায় শেষের দিকে যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বাফুফে। কোচের নাম প্রকাশে দীর্ঘসূত্রিতা ও হাই প্রোফাইল কোচ কোলম্যান, স্টোকসের পরিবর্তে ঢ়ুলি কেন এজন্য সমর্থকরা বাফুফে ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বাংলাদেশের ফুটবল থেকে সিন্ডিকেট নিপাত যাক এই ধরনের স্লোগানও দিচ্ছেন। কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকা ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সমালোচনাও করেছেন সমর্থকরা। বাংলাদেশে গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি সময় কোচিং করিয়েছেন বৃটিশ কোচ জেমি ডে ও স্পেনিশ হ্যাভিয়ের ক্যাবরেরা। এদের জাতীয় দল তো দূরের কথা শীর্ষ পর্যায়ের লিগের কোনো দলের হেড কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা ছিল না। সেই জায়গায় টমাস ঢ়ুলি ফিলিপাইনকে এশিয়া কাপে উঠিয়েছেন, ক্লাব পর্যায়েও ভালো ফলাফল রয়েছে তার। অন্য দিকে খেলোয়াড় হিসেবে তিনি টানা দুই বিশ্বকাপ খেলেছেন এবং আমেরিকার অধিনায়কত্ব করেছেন ১৯৯৮ বিশ্বকাপে। বিভিন্ন সূত্রের খবর, আজই টমাস ঢ়ুলির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাফুফে। টমাস ঢ়ুলিকে কোচ হিসেবে মেনে নিতে চাইছেন না সমর্থকদের অনেকে। তারা সামনে ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন এই ইস্যুতে বলেও জানান।