কর্মসংস্থান বৃদ্ধি ও আধুনিক হাইমচর গড়ার লক্ষ্যে খুব শীঘ্রই অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, "ইতিমধ্যেই অর্থনৈতিক অঞ্চলের ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এখানে অর্থনৈতিক অঞ্চল হলে শুধু যে হাইমচরের মানুষের উপকার হবে তা কিন্তু নয়, বরং সারাদেশের মানুষ এখানে কাজ করতে আসবে এবং এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।"
একই সাথে হাইমচরের মাটি রক্ষার্থে মেঘনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২১ মে) হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী, পুরস্কার বিতরণ, উপজেলা কৃষি দপ্তরের আধুনিক কৃষি যন্ত্রপাতি, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সামগ্রী ও নগদ অর্থ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতের নির্দেশ
ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, "ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর যাবতীয় কাজ সম্পন্ন করেছে সরকার, যার সুফল ইতিমধ্যেই দেশের মানুষ ভোগ করছেন।" ভূমি অফিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন করে খুব শীঘ্রই সকল মামলা গুছিয়ে আনবেন, যাতে কাউকে হয়রানির শিকার হতে না হয়।" এরপর তিনি মেলা উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অপরাধ ও মাদক রুখতে যুবসমাজকে ক্রীড়ামুখী করার আহ্বান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণকালে এমপি মানিক বলেন, "শিশু, কিশোর বা যুবকদের যদি খেলাধুলায় ব্যস্ত রাখা যায়, তবে তারা অন্যায় করা থেকে বিরত থাকবে। আড্ডাবাজী, নেশা করা, মাদকসেবন, ইভটিজিং সহ সামাজিক অপরাধ থেকে তাদেরকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।"
তিনি আরও বলেন, "মোবাইলাসক্ত ও মাদকাসক্ত ছেলেমেয়েদের যদি ক্রীড়ামূখি করা যায়, তবে এরাই হবে আগামী দিনের কর্ণধার ও জাতির ভবিষ্যৎ নেতা।" এ সময় তিনি ব্যক্তিগত পক্ষ থেকে আগামী দুই-এক দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আরও কিছু ক্রীড়া সামগ্রী পাঠানোর ঘোষণা দেন।
বহুমুখী সরকারি ও মানবিক সহায়তা বিতরণ
এদিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একযোগে ব্যাপক উন্নয়ন ও মানবিক সহায়তা প্রদান করা হয়:
টেকসই কৃষি যন্ত্রপাতি: উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকারের সঞ্চালনায় কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে ধান কাটার যন্ত্র(রিপার) এবং ধান মাড়াই ও ভাঙানোর মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সঞ্চালনায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন, নগদ অর্থ এবং ঘরের চাল, বেড়া ও আসবাবপত্র মেরামতের জন্য চেক বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আহসানুল হকের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন, ফুটবল, ভলিবল, লুডু ও দাবা বোর্ড তুলে দেওয়া হয়।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদের সঞ্চালনায় এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক। এছাড়াও উপজেলা যুবদলের সভাপতি জহির মাঝিসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।