বহুরূপী দায়িত্বে নৈশ প্রহরী, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৬:৩৩ পিএম
বহুরূপী দায়িত্বে নৈশ প্রহরী, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নৈশ প্রহরীর দায়িত্ব পালন নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, একই ব্যক্তি একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকায় বিদ্যালয়ের রাতের নিরাপত্তা ব্যবস্থা কার্যত অরক্ষিত হয়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজার রহমান ডাংগীর হাট স্কুল অ্যান্ড কলেজে নৈশ প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তারাগঞ্জ সাবজোনাল অফিসে লাইনম্যান হিসেবে চাকরি করছেন। ফলে স্থানীয়দের ভাষ্যমতে, তিনি যেন “থ্রি ইন ওয়ান” ভূমিকায় দায়িত্ব পালন করছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, একজন ব্যক্তি একই সময়ে তিনটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করায় কোনো দায়িত্বই সঠিকভাবে পালন সম্ভব হচ্ছে না। বিশেষ করে বিদ্যালয়ের নৈশ প্রহরীর মতো গুরুত্বপূর্ণ পদে নিয়মিত উপস্থিতি না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাতে বিদ্যালয় প্রাঙ্গণ অনেক সময় নজরদারিহীন অবস্থায় থাকে বলেও দাবি করেন তারা। এ বিষয়ে সচেতন মহল মনে করছে, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে সরকারি বা বেসরকারি চাকরির নীতিমালা অনুযায়ী একজন ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে পারেন কি না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে অভিযুক্ত মো. মোস্তাফিজার রহমানের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে