হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’ ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। সিরিজের নতুন সিনেমা ‘স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি। জন ফাভরো পরিচালিত এই সিনেমাটি ডিজনির জনপ্রিয় ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজের গল্প সম্প্রসারণ। সিনেমাটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকাল, জেরেমি অ্যালেন হোয়াইট, সিগুর্নি ওয়েভারসহ অনেকে। গল্পে দেখা যায়, সাম্রাজ্য পতনের পরও গ্যালাক্সিতে ইম্পেরিয়াল বাহিনীর অবশিষ্ট অংশ সক্রিয় রয়েছে। এই অস্থির পরিস্থিতিতে ম্যান্ডালোরিয়ান ডিন জারিন এবং তার ছোট শিষ্য গ্রোগু নতুন এক বিপজ্জনক মিশনে জড়িয়ে পড়ে। নিউ রিপাবলিকের অনুরোধে তারা এক অপহরণ ও গোপন ষড়যন্ত্রের তদন্তে নামে, যেখানে ফোর্স-সংবেদনশীল ক্লোন এবং নতুন অস্ত্র তৈরির ভয়াবহ পরিকল্পনা সামনে আসে। মিশনের অগ্রগতির সঙ্গে সঙ্গে ম্যান্ডো ও গ্রোগুর সম্পর্ক আরও গভীর হয়, যা সিনেমাটির আবেগী দিককে শক্তিশালী করে। অ্যাকশন ও ভিজ্যুয়াল ইফেক্টের পাশাপাশি তাদের বন্ধনই গল্পের মূল আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে। ট্রেলার প্রকাশের পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সিনেমাটিকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।