শাহরুখ খানের সিনেমা মানেই বক্স অফিসে উৎসব। গত কয়েক বছরে ‘পাঠান’ আর ‘জওয়ান’ দিয়ে সে উৎসব বেড়েছে কয়েক গুণ। শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-নিয়ে শুরু থেকে চলছে তুমুল আলোচনা। তবে এবার কোনো ঘোষণা বা টিজার নয়, বরং শুটিং সেট থেকে ফাঁস হওয়া ছবি-ভিডিও এবং ভাইরাল হওয়া এআই ক্লিপ ঘিরে তৈরি হয়েছে নতুন চর্চা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী এই সিনেমার শুটিং শুরুর পর থেকেই বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছিল। অ্যাকশন দৃশ্য, গানের শুটিং ও বিভিন্ন চরিত্রের লুক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনের উপস্থিত থাকা কিছু দৃশ্যও অনলাইনে ফাঁস হয়। সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুটিংয়ে ছবি ও ভিডিও ফুটেজসহ এআই ক্লিপ অনলাইনে ছড়াচ্ছে অনেকে। সেটিকে ‘কিং’-এর অনানুষ্ঠানিক ঝলক বা শর্ট ভার্সন বলেও মন্তব্য করেন। এমন অবস্থায় শুটিং সেটে নিরাপত্তা আরও জোরদার করেছেন নির্মাতা। প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, সিনেমাটির গুরুত্বপূর্ণ দৃশ্য এবং ক্লাইম্যাক্সের অংশ বাইরে চলে যাওয়ায় নির্মাতারা বেশ উদ্বিগ্ন। বিশেষ করে এআই ব্যবহার করে সিনেমার সম্ভাব্য গল্প উপস্থাপন করার বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে টিমের ভেতরে। এর আগেও পরিচালক সিদ্ধার্থ আনন্দ ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছিলেন, ‘কিং’-এর ফাঁস হওয়া কোনো ভিডিও বা ছবি যেন সামাজিক মাধ্যমে শেয়ার না করা হয়। এদিকে সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে। বর্তমানে মুম্বাইয়ের ঘোডবন্দর রোড এলাকায় চলমান শুটিংয়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের সময় সেটে প্রবেশ ও চলাচলেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে ‘কিং’।