অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৭:৪১ পিএম
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে ঈদের পরই মাঠে নামতে হবে। সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। আসন্ন সিরিজ নিয়ে গতকাল শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ আশরাফুল বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে (সিরিজ) অবশ্যই কঠিন হবে। আমরা ২০০৫ সালে কার্ডিফে জিতেছিলাম, এরপরে আসলে আর কখনোই জেতা হয়নি। যদিও অত বেশি ম্যাচ খেলিনি। অল্প ম্যাচ খেলেছি কিন্তু আর জেতা হয়নি। আমি যখন অধিনায়ক ছিলাম, একবার কাছাকাছি গিয়েছিলাম।’ ২০০৫ সালে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অজিদের হারানোর স্মৃতি এখনও মনে পড়ে আশরাফুলের। এর তিন বছর পর ২০০৮ সালে ডারউইনে তামিম ইকবালের ম্যাচসেরা ইনিংসে লড়াই করে হার। আশরাফুল বললেন, ‘২০০৮ সালে আমরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, তাদের ১৯৮ রানে অলআউট করেছিলাম। ওই ম্যাচটা তামিম অর্ধশতক করেছিল, সাকিবও ভালো করে, কিন্তু জিততে পারিনি। ওই একটা ম্যাচই মনে হয় আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম, যেটা আমাদের জেতার মতো ছিল।’ ২০২১ সালের আগস্টে শেষবার বাংলাদেশে খেলতে এসে টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় পাঁচ বছর পর আরেকবার বাংলাদেশ সফরে আসছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। অতিথিদের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করে আশরাফুল বলেন, ‘এইবারও অবশ্যই আশা থাকবে, কারণ তারা আমাদের মাঠে খেলবে। যদিও তারা আসার আগে পাকিস্তানে তিনটি ম্যাচ খেলে ভালো প্রস্তুতি নেবে।’ আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট সাবেক এই ব্যাটার, ‘আমরা যেভাবে গত তিনটা সিরিজ খেলছি আমি বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়রা যদি তাদের সেরা ক্রিকেট খেলে, তিনটা বিভাগই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ধরে ধরে চিন্তা করে আমরা সিরিজ জিততে পারব ইনশাআল্লাহ।’

আপনার জেলার সংবাদ পড়তে