যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসি গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তুলসি বলেন, দুর্ভাগ্যজনকভাবে, আমাকে পদত্যাগপত্র জমা দিতে হচ্ছে। আগামী ৩০ জুন, ২০২৬ থেকে এটি কার্যকর হবে। আমার স্বামী, আব্রাহাম উইলিয়ামস, সম্প্রতি হাড়ের খুবই বিরল এক প্রকার ক্যানসারে (বোন ক্যানসার) আক্রান্ত হয়েছেন। তাই এই মুহুর্তে, আমি অবশ্যই সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াবো এবং আমার স্বামীর পাশে থাকবো, যেন তিনি এই যুদ্ধে জয়ী হতে পারেন।
এক্সে তুলসি গ্যাবার্ড এই বার্তা পোস্ট করার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তাকে আশীর্বাদ জানিয়ে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, তুলসি খুব চমৎকারভাবে তার দায়িত্ব পালন করেছেন, আমরা তাকে মিস করব। আগামী ৩০ জুন মার্কিন প্রশাসন থেকে তার বিদায় নেওয়া আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তার স্বামী আব্রাহাম সম্প্রতি হাড়ের বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় তুলসী তার স্বামীর পাশে থাকতেন চান, তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে চান এবং ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধে তার পাশে থাকতে চান। তুলসীর স্বামী সুস্থ হয়ে উঠবেন- এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।
এক্সপোস্টে ট্রাম্প আরও জানান, তুলসি গ্যাবার্ড পদত্যাগ করার পর জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদে আসবেন অ্যারন লুকাস, বর্তমানে যিনি উপ-পরিচালকের পদে আছেন।