প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তাঁর গন্তব্য শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। সরাসরি চুক্তিতে তাঁকে দলে নিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস। শুক্রবার (২২ মে) এলপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
এলপিএল কর্তৃপক্ষ সাকিবকে "গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো" উল্লেখ করে জানায়, তিনি এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের কার্ডসংবলিত পোস্টে লেখা হয়, "দলের যখন স্থিতিশীলতা দরকার, তখন ব্যাট হাতে রান এনে দেন সাকিব। ম্যাচে যখন ব্রেকথ্রু প্রয়োজন, তখন বল হাতে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। আর চাপের মুহূর্তে তাঁর অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা।"
জাফনা কিংস এলপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল। টুর্নামেন্টটি পাঁচবার আয়োজিত হয়েছে, যার মধ্যে চারবারই শিরোপা জিতেছে এই দলটি। সেই শক্তিশালী দলে এবার যুক্ত হচ্ছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।
এলপিএলে সাকিবের অভিজ্ঞতা নতুন নয়। ২০২৩ সালে তিনি গল টাইটান্সের হয়ে ১০টি ম্যাচ খেলেছিলেন। সেই আসরে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে ১১টি উইকেট তুলে নেন তিনি। এবার ভিন্ন দলের জার্সিতে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সাকিব।
গত দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও মাঠে ফিরছে এলপিএল। আগামী ১৭ জুলাই কলম্বোয় উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই আসর। প্রথম ম্যাচেই সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলসের।
উল্লেখ্য, সাকিব সর্বশেষ স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে মুম্বাই এমিরেটসের হয়ে মাঠে নামেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর জুলাইয়ে এলপিএল দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সক্রিয় হবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।