বিশ্বকাপের আগে মার্তিনেসের চোট, বিশ্বকাপ নিয়ে শঙ্কায়

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৪:৫৪ পিএম
বিশ্বকাপের আগে মার্তিনেসের চোট, বিশ্বকাপ নিয়ে শঙ্কায়

বিশ্বকাপ শুরু হতে মাত্র ১৯ দিন বাকি। ঠিক এই সময়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের চোট নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডান হাতের অনামিকায় মচকানোর সমস্যায় পড়েছেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার। ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

উয়েফা ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের আঙুলে এই চোট পান মার্তিনেস। তবে চোট নিয়েই ফ্রাইবুর্গের বিপক্ষে ফাইনালে মাঠে নামেন তিনি। সেই ম্যাচে ৩-০ গোলে জয় পেয়ে ইউরোপা লিগের শিরোপা ঘরে তোলে অ্যাস্টন ভিলা। তবে ম্যাচ শেষে মার্তিনেস নিজেই স্বীকার করেন, বল ধরতে গিয়ে অস্বস্তি হচ্ছিল তাঁর।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ওলে' জানিয়েছে, পুরোপুরি সুস্থ হতে মার্তিনেসের কমপক্ষে ২০ দিন লেগে যেতে পারে। অন্যদিকে আরেক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আলজেরিয়া ম্যাচের আগে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও বিষয়টির কোনো নিশ্চয়তা নেই।

আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন, কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচও রয়েছে দলটির। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। তবে এই দুই প্রস্তুতি ম্যাচে মার্তিনেস খেলছেন না, এটি ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ক্লারিন' জানিয়েছে, মার্তিনেসকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না কোচ স্কালোনি। প্রস্তুতি ম্যাচে তাঁর বদলে রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচিং স্টাফের লক্ষ্য শুধু গ্রুপ পর্বের প্রথম ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টজুড়ে শতভাগ ফিট মার্তিনেসকে পাওয়া।

আর্জেন্টিনার কাছে মার্তিনেস কতটা গুরুত্বপূর্ণ, সেটা ফুটবল বিশ্বের অজানা নয়। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের র্যান্ডাল কলো মুয়ানির নিশ্চিত গোল ঠেকিয়ে ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন তিনি। পরে টাইব্রেকারেও নায়ক হয়ে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এই গোলরক্ষক।

আপনার জেলার সংবাদ পড়তে