কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া): | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৫:২২ পিএম
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা রয়েছে।শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের ওপরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাকের সঙ্গে (বগুড়া ড ১১-২৭০৩) রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১৩ ০০৯৩) সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে বাস যাত্রী ১০-১৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এছাড়া আহত অন্তত ২৫ জনকে এখানে প্রাথমিক চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, খোকসা থেকে আশঙ্কাজনক অবস্থায় যে চারজনকে এখানে আনা হয়েছিল, তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। বাকি তিন পুরুষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে। ঘটনার পর চালক ও সহকারী পলাতক রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে