সরকার গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে: গোলাম পরওয়ার

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৬:২৬ পিএম
সরকার গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে: গোলাম পরওয়ার

পিরোজপুর জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণকে বুঝাতে হবে সরকার গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে করা ওয়াদা ভঙ্গ করেছে। এ সরকার জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে যাচ্ছে।  আজ শনিবার পিরোজপুর জেলা জামায়াতের রুকন সম্মেলনে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে ভোট চেয়েছে এখন ‎সরকার গঠন করে পাল্টি দিয়ে সংসদে দাঁড়িয়ে গণভোটের বিরুদ্ধে কথা বলছে । তারা গণভোটের রায়কে অস্বীকার করছে। এ সরকার ছাড়া দুনিয়ার আর কোনো সরকার গণভোটের রায়কে এভাবে অস্বীকার করেছে এমন কোন নজির নাই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে। নির্বাচনে তারা গণভোটে হ্যাঁ-তে ভোট দিতে বলেছে। হ্যাঁ-তে ভোট দেওয়ার অর্থই হলো গণভোটের চারটি প্রশ্নে যেখানে কোন নোট অফ ডিসেন্ট নাই ওই সকল ৮৪ টি সংস্কার প্রস্তাব মেনে নিয়েছে। এখন তারা এটাকে বেআইনি বলছে। তিনি বলেন, সরকারের মাত্র দুইমাস সময়ের মধ্যেই লুটপাট, চাঁদাবাজি, চাল-গম ও কার্ড বিতরণে অনিয়ম এবং দলাদলি শুরু হয়েছে। চাঁদাবাজি এবং শিশু ধর্ষণ ও হত্যাসহ নানা ঘটনায় সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন। বলেন, লোকজন এখনই ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছে। ভবিষ্যতে তাদের জন্য জনগণের দোয়া করা ও মায়া করা ছাড়া কিছুই করার থাকবে না। স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ করে গোলাম পরওয়ার সরকারের উদ্দেশে বলেন, বিগত জাতীয় নির্বাচনের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা ভয়ভীতি এবার মেনে নেওয়া হবে না। সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচনে অংশ নেবে ইনশাআল্লাহ।  জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার করতে ১১ দলের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াতের এ নেতা। 

পিরোজপুর শহরের একটি কনভেনশন সেন্টার-এ আয়োজিত এ সম্মেলনে জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মশিউর রহমান এমপি এবং মজলিসে সুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে