রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী পাবলিকিয়ান প্রেজেন্টস “ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম ২০২৬”। শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং উচ্চশিক্ষার প্রস্তুতিতে উৎসাহিত করতেই ব্যতিক্রম এই আয়োজন।
শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দেয়। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত।
আয়োজকরা জানান, পরীক্ষায় হুবহু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ধাঁচে প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। ব্যতিক্রমী এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজবাড়ী পাবলিকিয়ানের কোষাধ্যক্ষ পারভেজ খান, ভাঙ্গার সাব-রেজিস্ট্রার ও রাজবাড়ী পাবলিকিয়ানের অ্যালামনাই আব্দুল্লাহ আল মাসুদ, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবলিকিয়ান পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, রাজবাড়ী পাবলিকিয়ানের উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন এবং বরেণ্য শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ। রাজবাড়ী পাবলিকিয়ানের সভাপতি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাশিদুল ইসলাম এফসিএ এবং সাধারণ সম্পাদক (মাগুরা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা) এস. এম শাহজাহান সিরাজ জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদেরকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত পরিসরে করা হবে, যাতে জেলার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার প্রস্তুতিতে আরও বেশি অনুপ্রাণিত হয় এবং নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পায়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং উচ্চশিক্ষার প্রস্তুতিতে উৎসাহিত করতেই মূলত এই আয়োজন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপসহ মোট ২৫টি আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, যা পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। এই ‘ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৩০ মে ২০২৬ তারিখে রাজবাড়ী পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।