রাতের আঁধারে অটোভ্যান ছিনতাই

গণপিটুনির পর ৩ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৭:৪১ পিএম
গণপিটুনির পর ৩ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

নাটোরের লালপুরে গভীর রাতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, গামছা ও দড়ি উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় জনতা আটককৃতদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৫ মে) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ভ্যানচালক মোঃ সিদ্দিক মালিথা তার অটোভ্যানে যাত্রী মোঃ আবু তাহেরকে নিয়ে সাতপুকুরিয়া গ্রাম থেকে বনপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া এলাকার নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা চারজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা হাতে থাকা ধারালো হাসুয়া ও টর্চলাইট দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে অটোভ্যান থামিয়ে ভুক্তভোগীদের গলায় অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে প্লাস্টিকের সুতলি দিয়ে তাদের হাত বেঁধে গামছা দিয়ে চোখ ও মুখ বেঁধে পাশের একটি খেজুর বাগানে ফেলে রাখা হয়। এরপর ছিনতাইকারীরা আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি অটোভ্যান জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করেন। আটককৃতরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার মাহাতাব আলী মন্ডলের ছেলে আতাউর মন্ডল (৪২), মৃত গুরুপদ দাসের ছেলে শ্রী সুনীল কুমার (৫৫) এবং লালপুর উপজেলার দুড়দুড়িয়া (নতুনপাড়া) এলাকার মৃত যাকাত মেম্বারের ছেলে সেন্টু আলী (৫৫)। আটকের পর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেন্টু আলীকে ভর্তি করেন এবং অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেন।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি বড় ধারালো ছুরি, একটি টিপ চাকু, একটি গামছা ও কিছু দড়ি উদ্ধার করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অপর একজন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে