বরিশালের মুলাদীতে আনোয়ার হোসেন ঢালী হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্ণীপুর বাংলাবাজারে আনোয়ার ঢালীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা এই বিক্ষোভ মিছিল করেন।
জানা গেছে, জমি বিরোধের জেরে গত ৩১ মে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আনোয়ার ঢালীর বড়ভাই মোস্তফা ঢালী, ভাতিজা ইমরান ঢালী, ইরান ঢালী ও তাদের সহযোগিরা প্রকাশ্যে হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করেন এবং রাত ২টার দিকে ঢাকার নেওয়ার পথে তিনি মারা যান। ওই ঘটনার দিন রাতে আনোয়ার ঢালীর ভায়রা ভাই রেজাউল করিম সরদার বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে ৯জনকে আসামি করে মামলা করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইমরান ঢালী (২৫), মোস্তফা ঢালী (৬০), আবু ব্যাপারী (৩৫) ও আবুল ফজল রমজান (২৫) নামের ৪জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মুলাদী সদর ইউনিয়নের নারী পুরুষ ও আনোয়ার ঢালীর স্বজনেরা বিক্ষোভ মিছিল করেন। এসময় উপস্থিত ছিলেন, নিহত আনোয়ার ঢালীর স্ত্রী হনুফা বেগম, ছোট ভাই জামাল ঢালী, ভায়রা ভাই রেজাউল করিম সরদার, স্থানীয় মকবুল ঢালী, ওসমান ঢালী, সিরাজুল ইসলাম ঢালী, সায়েম ঢালী, কাওসার ঢালী, আবুল হোসেন ঢালী, রিয়াজ ঢালী, রত্তন খান, দুলাল খান, মুজাম্মেল হাওলাদার, জসিম সরদার, রাজিব মল্লিক, জামাল খানসহ ইউনিয়নের ৫ শতাধিক নারী-পুরুষ। নিহতের স্ত্রী হনুফা বেগম বলেন, মোস্তফা ঢালী, ইমরান ঢালী ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে আনোয়ার ঢালীর একটি জমি জোড়পূর্বক ভোগ দখল করতেন। ওই জমি ছেড়ে দিতে বলায় প্রকাশ্যে বাজারের মধ্যে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এঘটনায় সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।