মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. খালেদ কনক। এর আগে বিসিএস (মৎস্য) ক্যাডার ড. মো. খালেদ কনক মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ৪ জুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা ও মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) ড. মো. খালেদ কনককে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ড. মো. খালেদ কনক বলেন-ডিজি কোনো ব্যক্তি নয়, এ পদটি নিজেই একটি প্রতিষ্ঠান। সবার আন্তরিক সহযোগিতায় এ প্রতিষ্ঠান সুনামের সহিত আরও এগিয়ে যাবে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে এ প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পরবে। তিনি আরও বলেন, আমি আশা করছি আমরা আমাদের মেধা ও যোগ্যতা সঠিকভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের মৎস্যখাতকে বহুদূর এগিয়ে নিয়ে দেশের অর্থনীতিতে বড়ধরনের ভূমিকা রাখতে পারবো। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব মো. হাসানুজ্জামানের স্বাক্ষরিত অপর একটি প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা মো. জিয়া হায়দার চৌধুরীকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি (জিয়া হায়দার চৌধুরী) মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেছেন।