ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে লাশ হলো শিশু ছামিয়া (০৭)। উপজেলার পানিশ্বর ইউনিয়নের লোপাড়া গ্রামে আজ মঙ্গলবার সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। ছামিয়া একই ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে।
পারিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ছামিয়া তার নানার বাড়ি লোপাড়ায় বেড়াতে গিয়েছিল। আজ সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের কাছে খেলা করছিল। মনের অজান্তেই এক সময় ছামিয়া পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় না দেখায় পরিবার ও স্বজনরা ছামিয়াকে খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাত বছর বয়সী এই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নানার বাড়িতে বেড়াতে এসে এমন করুণ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।