পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সঙ্গে পিএফজির মতবিনিময় সভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) :
| আপডেট: ৯ জুন, ২০২৬, ০৪:৩৭ পিএম | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৪:৩৭ পিএম
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সঙ্গে পিএফজির মতবিনিময় সভা

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকল স্থরে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বানে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুস হাসান। সভা সঞ্চালনা করেন পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়া। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং সামাজিক সমস্যা সমাধানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে ‘দ্বন্দ্ব নিরসন কমিটি’ ও ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি কমিটি’ গঠন করে কাজ করছে।

বক্তারা এসব কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সহযোগিতা কামনা করেন। জবাবে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা জানান, স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব নিরসন ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইউপি সদস্যরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পিএফজির মতো একটি সংগঠনকে সহযোগী হিসেবে পেয়ে তারা আনন্দিত। ইউনিয়ন পরিষদ ও পিএফজি একসঙ্গে কাজ করলে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা আরও কার্যকরভাবে সমাধান করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন ইউপি সদস্য জাফরুল হক, আজাদুল হক, নৃপেশ দে, আইনুল হক, প্রিয়বালা নাথ, আলী আহমদ ও আতিকুর রহমান, ইউপি সচিব আলী হোসেন, হিসাব সহকারী রূপক তালুকদার, পিস অ্যাম্বাসেডর লিটন মিয়া, পিএফজি সদস্য মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী, জেসমিন আক্তার, আলেয়া, শিউলী দেবী, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর মানসুর আহমদ, জাহিদুল ইসলাম, শাওন ও সাব্বিরসহ অন্যান্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে