বাগমারায়

অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ১০ জুন, ২০২৬, ১১:১৫ এএম | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ১১:১৫ এএম
অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহীর বাগমারা উপজেলায় অনুমতিবিহীন পুকুর খনন, কৃষি জমির টপসয়েল কাটা এবং জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৯ জুন ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের নিমাই বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। অভিযানকালে দেখা যায়, অনুমতি ছাড়াই পুকুর খনন করা হচ্ছে এবং কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে ফেলা হচ্ছে। পাশাপাশি ফসল নষ্ট করে জমির শ্রেণি পরিবর্তনের মতো অবৈধ কার্যক্রম চলছিল। এ সময় ঘটনাস্থলে থাকা মাটি কাটার দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিন অকেজো করে দেওয়া হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি উপস্থিত না থাকায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি কাটা বা জমির শ্রেণি পরিবর্তনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে