কালীগঞ্জ থানায় ছাগল নিয়ে মামলা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ১১:১৮ এএম
কালীগঞ্জ থানায় ছাগল নিয়ে মামলা

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশির লাঠির আঘাতে একটি ছাগলছানা গুরুতর আহত হওয়ায় ও এক বৃদ্ধাকে মারধরের চেষ্টা প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কালীগঞ্জ উপজেলার সিংদাহ গ্রামের বাসিন্দা নবিরন নেছা (৬০) মঙ্গলবার বিকালে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তার একটি ছোট ছাগলছানা অসাবধানতাবশত প্রতিবেশি জসিমের বাড়ির গেটের সামনে চলে যায়। এ সময় জসিম (৬০) ছাগল ছানাটিকে লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ছাগলছানাটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবিরন নেছা ছাগল ছানাটির অবস্থা দেখতে পান এবং এর কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করেন।এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন বলেও অভিযোগ করেন নবিরন নেছা। তার চিৎকারে স্থানীয় যুবক সাব্বিরসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্ষা করেন। স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি মারধর করতে না পারলেও প্রকাশ্যে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।অভিযোগকারী নবিরন বলেন, ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তিনি ও তার পরিবার ক্ষতির শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগটি গ্রহন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে