মাঝরাস্তায় পল্লী বিদ্যুতের খুঁটি

কলারোয়ার কোঠাবাড়ি রোডে চরম ভোগান্তিতে এলাকাবাসী

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম
কলারোয়ার কোঠাবাড়ি রোডে চরম ভোগান্তিতে এলাকাবাসী

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের কোঠাবাড়ি রোডের একেবারে মাঝখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় জনসাধারণ। দীর্ঘদিন ধরে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির মাঝখানে খুঁটিটি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াতও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটির একদম মাঝখানে খুঁটিটি থাকায় বর্তমানে একটি ভ্যানগাড়িও সেখান দিয়ে পার হতে পারছে না। এর ফলে স্থবির হয়ে পড়েছে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা। শুধু তাই নয়, খুঁটিটির কারণে প্রতিনিয়ত সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতের অন্ধকারে কিংবা জরুরি প্রয়োজনে রোগী বহনের সময় এই খুঁটিটি স্থানীয়দের জন্য এক বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই সমস্যাটি দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরে তারা এই দুর্ভোগ পোহাচ্ছেন এবং সমস্যা সমাধানের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও এখন পর্যন্ত কেউ কোনো ব্যবস্থা নেয়নি। এমতাবস্থায়, বড় ধরনের কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই জনস্বার্থে রাস্তাটির মাঝখান থেকে দ্রুত বৈদ্যুতিক খুঁটিটি সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়ার জন্য কলারোয়া উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তার আশু দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে