ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় ৭ আসামীকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে সরাইল সদরের সৈয়দটুলা উত্তর পাড়ায় ঘটে যাওয়া আলোচিত হত্যা মামলার আসামী মো. বিল্লাল মিয়াকে (৩০) গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছেন এস আই মোহাম্মদ তানভীর ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ। একই রাতে এ এস আই আব্দুস সালাম পরোয়ানাভুক্ত আসামী মো. সোহেলকে (৩২) কালিকচ্ছের চাঁনপুর থেকে আর গাঁজা চাষে সম্পৃক্ততার অভিযোগে সরাইল সদরের সৈয়দটুলা পশ্চিম পাড়া থেকে আসাদ আলীকে (৪০) গ্রেফতার করেছেন এ এস আই সুলতান হোসাইন। ওই রাতে মাদক সেবনের দায়ে এসআই ইউনুছ মিয়ার নেতৃত্বে সরাইল থানা পুলিশ গ্রেফতার করেছেন করাতকান্দির লোকমান (২৯), চাঁনপুরের ফারূক মিয়া, বড় গুনারার লিয়ন (২০) ও বাড়িউড়ার ফরহাদকে (২৭)। গ্রেফতার সকল আসামীকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।