আলমপুরে

গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) :
| আপডেট: ১০ জুন, ২০২৬, ০৬:৪১ পিএম | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৬:৪১ পিএম
গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির সুযোগ সম্পর্কে অবহিত করতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টায় আলমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ক্ষেতলাল উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া বিষয়ে একটি তথ্যবহুল ভিডিও প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচি সমন্বয় করেন উপজেলা কো-অর্ডিনেটর দুর্লভ চন্দ্র রায়। অনুষ্ঠান শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে