পাবনার চাটমোহরে ভেজাল দুধ উৎপাদনকারী ও ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী হত্যা মামলার আসামি কুখ্যাত আঃ মমিন ও তার সহযোগিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাস্তায় নামে এলাকার শিশু শিক্ষার্থীরা। তারা উপজেলার নটাবাড়িয়া বাজারে মমিন ডেইরির সামনেই মানববন্ধন করেছে। গত মঙ্গলবার সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একইদিন এলাকাবাসীও আঃ মমিনকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত হাশেম প্রামানিকের স্ত্রী জহুরা বেগম,তার শিশু সন্তান সজিব হোসেন ও তৈয়বা খাতুন।
তারা অভিযোগ করেন হত্যাকারী আঃ মমিন বহাল তবিয়তে এলাকায় ঘুরছে। পুলিশ রাতে এসে মমিনের বাড়িতে গিয়ে দেখা করে চলে যাচ্ছে। তার ভেজাল দুধের ব্যবসাও চলমান রয়েছে। তারা দ্রুত আঃ মমিন ও তার সহযোগিদের গ্রেফ্তার ও বিচারের দাবি জানান। উল্লেখ্য,উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে জাতীয়তাবাদী কৃষকদলের বহিস্কৃত নেতা ও ভেজাল দুধ উৎপাদনকারী আব্দুল মমিন ও তার সহযোগিদের হামলা ও মারপিটে আহত হাশেম প্রামানিক গত ৪ জুন চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তার আরেক ভাই হাজু প্রামানিক এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের বিষয়ে স্থানীয় প্রশানসন ও এনএসআইকে তথ্য দেওয়ার অভিযোগ এনে আঃ মমিন গং ঈদের পরের দিন গত ২৯ মে সকালে নটাবাড়িয়া বাজারে হাশেম প্রামানিকসহ তার স্বজনদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে হাশেম প্রামানিকসহ ৭ জন গুরুতর আহত হন। তাদেরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় হাশেম প্রামানিক মারা যান। এ ঘটনার পর রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এসময় অভিযান চালিয়ে শ্হাীন হোসেন নামের একজনকে আটক করা হয়। হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আঃ মমিনসহ ১০জনকে বিবাদী করা হয়েছে। কিন্তু এখনো গ্রেপ্তার হননি আঃ মমিন ও তার সহযোগিরা। তারা নানাভাবে বাদী ও তার স্বজনদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ।